Days of Remembrance

Bengali · বাহাউল্লাহ

Tablet of the Divine Springtime BH00821

Add range:

*(রিজওয়ানের উৎসব, এপ্রিল ২১ - মে ২ পর্যন্ত, তাঁহার অনুসারীদের প্রতি বাহা’উল্লাহ্র দৌত্যের ঘোষণাকে স্মরণীয় করে। বাহা’উলাহ ইহাকে “উৎসবসমূহের রাজা” হিসাবে ঘোষণা করিয়াছেন এবং কিতাব-ই-আক্বদাসে ইহার সম্বন্ধে সেই দিবসরূপে উল্লেখ করিয়াছেন যখন “সমগ্র সৃষ্টবস্তুকে পরিশোধনের সাগরে নিমজ্জিত করা হইয়াছিল।’’ )

স্বর্গীয় বসন্তকাল আসিয়াছে, হে সর্বাধিক উচ্চপ্রশংসিত লেখনী, যেহেতু পরম করূণাময়ের উৎসব দ্রুত নিকটবর্তী হইতেছে। নিজেকে জাগ্রত ও সচল কর এবং সমগ্র সৃষ্টির সম্মুখে ঈশ্বরের নাম উচ্চ-প্রশংসিত কর এবং এইরূপে তাঁহার প্রশংসা উদযাপন কর যেন সকল সৃষ্টবস্তু নবজীবন লাভ করিতে পারে এবং নতুন হইতে পারে। কথা বল এবং নিজেকে নিরব রাখিও না। পরম সুখের দিবস তারকা আমাদের নামের দিকচক্রবালের উপর দীপ্তিমান রহিয়াছে, পরম সুখ, যেহেতু, ঈশ্বরের নামের রাজত্ব তোমার পরম প্রভুর নামের অলঙ্কার দ্বারা সজ্জিত হইয়াছে, যিনি স্বর্গসমূহের সৃষ্টিকর্তা। পৃথিবীর জাতিসমূহের সম্মুখে উত্থিত হও এবং এই সর্ব মহান নামের শক্তি দ্বারা নিজেকে সজ্জিত কর এবং তাহাদের মধ্যে গণ্য হইও না যাহারা অপেক্ষা করে...
এই সেই দিবস যেই দিবসে অদৃশ্য জগৎ চিৎকার করিয়া বলিয়াছে: “মহান তোমার পরমানন্দ, হে পৃথিবী, কারণ তোমাকে তোমার ঈশ্বরের পাদপীঠ করা হইয়াছে এবং তাঁহার পরাক্রমশালী সিংহাসনের আসনরূপে মনোনীত করা হইয়াছে।” মহিমার রাজ্য উচ্চঃস্বরে বলিয়াছে : তোমার জন্য আমার জীবন উৎসর্গ করিতে পারি, যেহেতু তিনি, যিনি পরম করুণাময়ের প্রিয়তম, তোমার উপর তাহার একাধিপত্য প্রতিষ্ঠা করিয়াছেন, তাঁহার নামের শক্তির মাধ্যমে সকল বস্তুর নিকট যাহা প্রতিশ্রুত হইয়াছে, হোক না তাহা অতীতের অথবা ভবিষ্যতের।” ......
পরম প্রিয়জন আসিয়াছেন। তাঁহার দক্ষিণ হস্তে তাঁহার নামের সুরক্ষিত মদিরা রহিয়াছে। সুখী সেইজন যে তাঁহার দিকে মুখ ফিরায় এবং তাহার পূর্ণ পরিমাণ পান করে এবং উচ্চঃস্বরে বলে : “প্রশংসা তোমারই, হে ঈশ্বরের নিদর্শনসমূহের প্রকাশক !”  সর্বশক্তিমানের ন্যায়পরায়ণতার শপথ ! সত্যের শক্তির মাধ্যমে প্রতিটি নিহিত বস্তু প্রকাশিত করা হইয়াছে। ঈশ্বরের করুণার প্রমাণস্বরূপ তাঁহার সকল অনুগ্রহ প্রেরিত হইয়াছে। মানবের প্রতি চিরস্থায়ী জীবনের সলিলসমূহ, উহাদের পরিপূর্ণতায় প্রদত্ত হইয়াছে। প্রতিটি পেয়ালা পরম প্রিয়তমের হস্ত দ্বারা সর্বত্র বাহিত হইয়াছে । নিকটবর্তী হও, এবং অপেক্ষা করিও না, তাহা যদি একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্যও হয়ে থাকে ....
অত্যধিক আনন্দ সহকারে উৎসব মুখরিত হও, হে বাহা’র জনমন্ডলী, যখন তোমরা পরম সুখের দিবসটি স্মরণ করিতে আহ্বান কর, সেই দিবস যাহার সম্বন্ধে দিবসসমূহের প্রাচীনের জিহ্বা সাক্ষ্য দিয়াছে, যখন তিনি তাঁহার গৃহ হইতে প্রস্থান করিলেন, সেই স্থানটির দিকে অগ্রসর হইলেন যেখান হইতে তিনি সমগ্র সৃষ্টির উপর তাঁহার নামের উজ্জ্বলদীপ্তি ছড়াইয়া দিলেন, যিনি পরম করুণাময়। ঈশ্বর আমাদের সাক্ষী। যদি আমরা ঐ দিবসের নিহিত গূঢ় তাৎপর্য প্রকাশ করিতাম, যাহারা পৃথিবীতে ও স্বর্গসমূহে বসবাস করিতেছে তাহাদের সকলে মূর্ছা যাইত এবং মৃত্যুবরণ করিত, তাহারা ব্যতীত যাহারা ঈশ্বর কর্তৃক সুরক্ষিত থাকিবে, যিনি সর্ব-শক্তিমান, সর্বজ্ঞ, সর্ব বিজ্ঞ।
যিনি তাঁহার সন্দেহাতীত প্রমাণসমূহের প্রকাশক তাঁহার উপর ঈশ্বরের বাণীর মাতালকারী প্রভাব এইরূপ যে তাঁহার লেখনী আর সঞ্চালনে অপারগ, তিনি এই বাণী সহকারে তাঁহার ফলকলিপির উপসংহার করিতেছেন: আমি ব্যতীত আর কোন ঈশ্বর নাই, যিনি সর্বাধিক উচ্চপ্রশংসিত, সর্ব-শক্তিমান, শ্রেষ্ঠতম, সর্বজ্ঞ।

Ziyarat-Namih (Tablet of Visitation) BH02307

Add range:
(এই ফলকলিপি মহান বাহা’উল্লাহ্ এবং মহান বা’বের সমাধি-স্থানদ্বয়ে পঠিত হয়। তাঁহাদের বার্ষিক স্মৃতি-উৎসবের সময়ও ইহা ব্যবহৃত হয়।) যে প্রশংসা-স্তুতি তোমার পরম মহিমান্বিত স্বয়ং সত্তা হইতে প্রকাশিত হইয়াছে এবং যে প্রভা তোমার পরম উজ্জ্বল সুষমা হহতে প্রজ্বলিত হইয়াছে তাহা তোমারই উপর বিশ্রাম লাভ করুক (কারণ তাহা তোমার মহিমারই যোগ্য), হে তুমি যিনি মহত্ত্বের ঐশী প্রকাশ এবং চিরিস্থায়ী সম্রাট এবং স্বর্গ ও মর্তের সকলেরই পরম প্রভু। আমি সাক্ষ্য দিতেছি যে, তোমারই মাধ্যমে ঈশ্বরের একাধিপত্য এবং তাঁহার সাম্রাজ্য এবং ঈশ্বরের মহিমা ও তাঁহার মহত্ত্ব প্রকাশিত হইয়াছিল এবং সনাতন প্রভার প্রভাতিক তারকা সমূহ তোমার অপরিবর্তনীয় প্রত্যাদেশ স্বর্গে তাহাদের উজ্জ্বলতা প্রদান করিয়াছে এবং অদৃশ্য জগতের সুষমা, সৃষ্টির চক্রবালের উপর উজ্জ্বল আলোক প্রদান করিয়ছে। আমি আরও সাক্ষ্য দিতেছি যে, তোমার লেখনীর একটি মাত্র গতিতে তোমার ‘‘হও’’ আদেশ প্রবর্তিত করা হইয়াছে এবং ঈশ্বরের নিহিত রহস্য প্রকাশিত করা হইয়াছে এবং সমুদয় সৃষ্ট দ্রব্যকে অস্তিত্বে আনয়ন করা হইয়াছে এবং সকল প্রত্যাদেশ অবতীর্ণ করা হইয়াছে। আমি আরও সাক্ষ্য দিতেছি যে, তোমার সুষমার মাধ্যমে পূজিত জনের সুষমা প্রকাশিত করা হইয়াছে এবং তোমার আননের মাধ্যমে অভিলাষিত জনের আনন উজ্জ্বল আলোক প্রদান করিয়াছে এবং তোমার নিকট হইতে একটি বাক্যের মাধ্যমে তুমি সকল সৃষ্ট দ্রব্যের মধ্যে বিচার-মীমাংসা করিয়াছ, যাহারা তোমার ভক্ত তাহাদের তুমি গৌরবের শীর্ষে আরোহণ করাইয়াছ, এবং অবিশ্বাসিগণকে নিম্নতম গভীর গহ্বরে নিক্ষিপ্ত করিয়াছ। আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে, যে ব্যক্তি তোমাকে জানিয়াছে, সে ঈশ্বরকে জানিয়াছে, যে তোমার উপস্থিতি লাভ করিয়াছে সে ঈশ্বরের উপস্থিতি লাভ করিয়াছে। অতএব, তোমার নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে এবং তোমার একাধিপত্যের নিকট নিজেকে নত করিয়াছে এবং তোমার সাক্ষাৎকার লাভের দ্বারা সম্মানিত হইয়াছে এবং তোমার ইচ্ছার সন্তোষ লাভ করিয়াছে এবং তোমার চতুর্দিকে পরিভ্রমণ করিয়াছে এবং তোমার সিংহাসনের সম্মুখে দন্ডায়মান হইয়াছে। তাহার প্রতি অভিসম্পাত যে, তোমার বিধানসমূহ লংঘন করিয়াছে এবং তোমাকে অস্বীকার করিয়াছে এবং তোমার নিদর্শনসমূহ পরিত্যাগ করিয়াছে এবং তোমার একাধিপত্য অস্বীকার করিয়াছে এবং তোমার বিরুদ্ধে উত্থিত হইয়াছে এবং তোমার সন্মুখে অহংকার প্রদর্শন করিয়াছে এবং তোমার সাক্ষ্য-প্রমাণসমূহ অস্বীকার করিয়াছে এবং তোমার শাসন ও আধিপত্য হইতে পলায়ন করিয়াছে এবং অবিশ্বাসীদের দলে পরিগণিত হইয়াছে, যাহাদের নাম তোমার পবিত্র ফলক-লিপিসমুহে তোমার আদেশের অঙ্গুলি দ্বারা লিপিবদ্ধ করা হইয়াছে। অতঃপর, আমার দিকে পরিচালিত কর, হে আমার প্রভু এবং আমার প্রিয়জন, তোমার করুণা ও তোমার সস্নেহ সহানুভূতির দক্ষিণ-হস্ত হইতে তোমার অনুগ্রহের পবিত্র নিঃশ্বাসসমূহ, যেন তাহারা আমাকে নিজের নিকট হইতে এবং পৃথিবী হইতে তোমার নৈকট্যের ও উপস্থিতির প্রাঙ্গণে আকর্ষণ করিতে পারে। তুমি যাহা করিতে ইচ্ছা কর তাহা করিতে তুমি সক্ষম। তুমি সত্যই সকলের উপর সর্বোচ্চ শক্তি সম্পন্ন। ঈশ্বরের স্মরণ ও তাঁহার প্রশংসা, ঈশ্বরের প্রভা ও তাঁহার উজ্জ্বল্য তোমারই উপর বিশ্রাম লাভ করুক, হে তুমি, যিনি তাঁহারই সুষমা। আমি সাক্ষ্য দিতেছি যে, সৃষ্টি চক্ষু কখনও তোমার ন্যায় উৎপীড়িত অন্য কাহারও উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই। তোমার জীবনের সকল দিনই তুমি দূর্দশারত মহাসাগরে নিমজ্জিত ছিলে। এক সময়ে তুমি শৃঙ্খল ও নিগড়াবদ্ধ ছিলে, অন্য সময়ে তুমি তোমার শত্রুগণের তরবারির ভয় প্রদর্শিত হইতেছিলে। তথাপি এই সকল সত্ত্বেও তুমি সকল লোককে তাহাই প্রতিপালন করিতে আদেশ দিয়াছিলে, যাহা তোমার জন্য তাঁহার দ্বারা নির্ধারিত করা হইয়াছিল, যিনি সর্বজ্ঞ, সর্ববিজ্ঞ। তুমি যে সকল অত্যাচার সহ্য করিয়াছিলে তজ্জন্য আমার জীবন উৎসর্গীকৃত হউক এবং তুমি যে সমুদয় দুর্দশা ভোগ করিয়াছিলে তজ্জন্য আমার আত্মা মুক্তি-পণস্বরূপ হউক। আমি ঈশ্বরের নিকট বিনীত প্রার্থনা করিতেছি, তোমার সহায়তায় এবং তাহাদের সাহায্যে যাহাদের আননসমূহ তোমার মুখমন্ডলের আলোকের উজ্জ্বলতাসমূহ দ্বারা আলোকিত হইয়াছে এবং যাহারা তোমার প্রতি ভালবাসার জন্য তোমা কর্তৃক আদিষ্ট সকল বিষয়ই প্রতিপালন করিয়াছিল, যেন তুমি সেই সকল অন্তরাল, যাহা তোমার ও তোমার সৃষ্ট জীবগণের মধ্যে স্থাপিত হইয়াছে, তাহা অপসারিত কর, এবং যেন এই পৃথিবী ও পরবর্তী পৃথিবীতে আমার জন্য যাহা ভাল ও উপাদেয় তুমি তাহা পুরণ কর। তুমি, সত্য সত্যই, সর্বশক্তিমান,পরম মহিমান্বিত, সর্ব প্রভাময়, চির-মার্জনাকারী, পরম দয়ালু। তুমি আশীর্বাদ কর, হে পরম প্রভু, আমার ঈশ্বর, স্বর্গীয় লোত বৃক্ষকে, ইহার পত্রসমূহ, ইহার শাখা, ইহার প্রশাখা, ইহার কান্ড এবং ইহার পল্লবসমূহকে, যতকাল পর্যন্ত তোমার উৎকৃষ্ট পদবীসমূহ স্থায়ী হইবে এবং তোমার পরম মহিমান্বিত গুণাবলী বর্তমান থাকিবে। অতঃপর ইহাকে প্রথম আক্রমণকারীর অনিষ্ট হইতে এবং উৎপীড়নের বাহিনীসমূহ হইতে রক্ষা কর। তুমি, সত্য সত্যই, সর্বশক্তিমান, পরম ক্ষমতাশালী। তুমি, আরও আশীর্বাদ কর, হে পরম প্রভু আমার ঈশ্বর, তোমার সেবকগণকে ও তোমার সেবিকাগণকে, যাহারা তোমার সান্নিধ্য লাভ করিয়াছে। তুমি, সত্য সত্যই, সর্ব বদান্যতাপূর্ণ, যাহার অনুকম্পা অসীম। তুমি প্রভু ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি চির-মার্জনাকারী, পরম দানশীল।

BH03262 BH03262

Add range:
সকল প্রশংসা তোমারই, হে আমার প্রভু, তুমিই সকল গৌরব ও মহিমা, শ্রেষ্ঠত্ব ও সন্মান, একাধিপত্য ও রাজত্ব, মহত্ত্ব ও কৃপা, ভীতি ও শক্তির পবিত্র মুল উৎস। যাহাকে তুমি ইচ্ছা কর তাহাকে তুমি পরম মহান সমুদ্রের নিকট আকৃষ্ট কর এবং যাহাকে ইচ্ছা কর, তোমার পরম সনাতন নামের পরিচয় বহন করার গৌরব তাহার উপর তুমি অর্পণ কর। স্বর্গে ও মর্তে যাহারা আছে, তাহাদের কেহই তোমার মহাপরাক্রমশালী ইচ্ছাশক্তির কর্মফল প্রতিরোধ করিতে সক্ষম নহে। অনন্তকাল হইতে তুমিই সমুদয় সৃষ্ট জগৎ শাসন করিয়াছ এবং তুমিই চিরকাল সমুদয় সৃষ্ট জগতের উপর তোমার একাধিপত্য পরিচালনা করিতে থাকিবে। তুমি ঈশ্বর ব্যাতীত অন্য কোন উপাস্য নাই, তুমি সর্বশক্তিমান,পরম মহিমান্বিত,সর্বক্ষমাশীল,সর্ব-বিজ্ঞ।

BH04569 BH04569

Add range:
  • ‘‘তিনি-ই পরম পবিত্র, পরম মহান।” এই সেই মাস যখন তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন যিনি পরম মহান নাম বহন করেন, যাহার আবির্ভাব মানবজাতির অঙ্গপ্রত্যঙ্গগুলি প্রকম্পিত করিয়াছে এবং যাহার পদধুলি ঊর্ধ্বরাজ্যের সমাবেশ এবং নামাবলীর নগরসমূহের অধিবাসীগণ আশির্বাদের জন্য আকাক্সক্ষা করিয়াছে। যাহার পর তাহারা ঈশ্বরের নিকট প্রশংসা করিয়াছে এবং আনন্দ ও মহোল্লাসে চিৎকার করিয়াছে। ঈশ্বরের শপথ! এই সেই মাস যাহার মাধ্যমে অপর সকল মাস আলোকিত হইয়াছে, এই সেই মাস যখন যিনি গোপন রহস্য এবং সুরক্ষিত ধনাগার প্রকাশিত হইয়াছেন এবং সকল মানবজাতির মধ্যে উচ্চস্বরে আহ্বান করিয়াছেন। সকল রাজ্য এই নবজাতক শিশুর যাহার মাধ্যমে সৃষ্টির মুখমন্ডল হাসিতে গ্রথিত হইয়াছে এবং বৃক্ষ আন্দোলিত হইয়াছে এবং মহাসাগর উদ্বেলিত হইয়াছে, পর্বত দ্রুত পলায়ন করিয়াছে, স্বর্গ ইহার কন্ঠস্বর উত্তোলিত করিয়াছে এবং শিলাখন্ড চিৎকার করিয়াছে এবং সকল বস্তু অকস্মাৎ চিৎকার করিয়াছে, “হে সৃষ্টির সমাবেশ! তোমাদের পরম প্রভুর আননের উদয়-স্থলের প্রতি দ্রুত অগ্রসর হও, যিনি দয়ালু, করুণাময়!” এই সেই মাস যখন স্বর্গ নিজেকে ইহার পরম প্রভুর আননের উজ্জ্বলতা দ্বারা অলঙ্কৃত করিয়াছে, যিনি সর্ব-করুণাময়, এবং স্বর্গীয় বুলবুল পক্ষী ঐশ্বরিক লোট-বৃক্ষের উপর ইহার সুর প্রকম্পিত করিয়াছে এবং অনুগৃহীত জনদের হৃদয়সমূহ পরমানন্দে পূর্ণ হইয়াছে। কিন্তু হায় অধিকাংশ জনমন্ডলী অমনোযোগী রহিয়াছে! আশীষপূতঃ সেই জন, যে তাঁহাকে স্বীকার করিয়াছে এবং তাহা বুঝিতে পারিয়াছে যাহা ঈশ্বরের গ্রন্থসমূহে প্রতিশ্রুত হইয়াছিল, যিনি সর্বশক্তিমান, সর্ব-প্রশংসিত; এবং তাহাকে অভিশম্পাত যে তাঁহার নিকট হইতে মুখ ফিরাইয়া লইয়াছে যাহার উপর ঊর্ধ্বরাজ্যের সমাবেশ তাহাদের স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়াছে, তিনি যিনি প্রত্যেক স্বেচ্ছাচারী অবিশ্বাসীকে হতবুদ্ধি করিয়াছেন। যখন তুমি এই ফলকলিপি প্রাপ্ত হইবে, মধুরতম সুরে ইহা আবৃত্তি করিবে এবং বলিবে: তুমি প্রশংসিত হও, হে আমার পরম করুণাময় পরম প্রভু, এই ফলকলিপিতে আমাকে স্মরণ করিবার জন্য, যাহা দ্বারা তোমার জ্ঞানের পরিচ্ছদের সুরভি বিকীর্ণ হইয়াছিল এবং তোমার করুণার মহাসাগর উদ্বেলিত হইয়াছিল। আমি সাক্ষ্য দিতেছি যে, তুমি তাহা করিতে শক্তিশালী যাহা তুমি ইচ্ছা কর। তুমি ব্যতীত অন্য কোন ঈশ্বর নাই, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্ব-বিজ্ঞ। (মায়েদি-ই-আসমানি, ভল্যুম ৪, পৃষ্ঠা ৩৪২)